
শাহীন আকতার চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। বুধবার (১ এপ্রিল) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী চাঁপাইনবাবগঞ্জ জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং চলমান নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু যেমন— মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত সমস্যা, কৃষিপণ্য বিপণন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন:”সাংবাদিকরা সমাজের দর্পণ এবং প্রশাসনের অন্যতম সহযোগী। চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি আদর্শ ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে আপনাদের বস্তুনিষ্ঠ লেখনী অত্যন্ত জরুরি। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে চাই এবং এক্ষেত্রে আপনাদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা একান্ত কাম্য।”তিনি আরও আশ্বস্ত করেন যে, জেলা প্রশাসন সবসময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং যেকোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ, প্রেসক্লাব সমূহের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ। সবার সম্মিলিত প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য ও উন্নয়নকে ত্বরান্বিত করার অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।